অল্প কথায়
- আপনার vault-এ যা লেখেন, তা আপনার ফোনেই encrypt হয়, তারপর আমাদের কাছে আসে। আমাদের কেউ সাধারণ কাজে তা খোলেন না, আর আমাদের admin-এর কোনো পাতায় সেই লেখা দেখার ব্যবস্থাই রাখা হয়নি।
- আপনার তথ্য আমরা বিক্রি করি না, বিজ্ঞাপনও দেখাই না। App-এ বাইরের কারও নজরদারির কোনো ব্যবস্থা নেই।
- আপনার মৃত্যু যাচাই করে নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার Nominee কিছুই পান না। পেলেও কেবল ততটুকু, যতটুকু আপনি তাঁর জন্য রেখে গেছেন।
- আমাদের কেউ কোনো account দেখলে বা support-এর কোনো কাজ করলে, কে করলেন আর কখন, সব লেখা থাকে।
১এই নীতি কাদের জন্য
হদিসের website, ফোন বা computer-এ হদিস app, আর আমাদের support, সবখানেই এই নীতি মেনে চলা হয়। এখানে “হদিস” বা “আমরা” বলতে হদিস সেবা আর যাঁরা এটা চালান, তাঁদের বোঝানো হয়েছে। “আপনি” মানে যিনি হদিসে account খুলেছেন। হদিস ব্যবহার করছেন মানে, এই নীতিতে যেভাবে লেখা আছে, সেভাবে আপনার তথ্য ব্যবহারে আপনি রাজি।
২আপনার কোন কোন তথ্য আমাদের কাছে থাকে
Account খুলতে যা লাগে
- আপনার mobile নম্বর, বাংলাদেশের হোক বা অন্য যেকোনো দেশের।
- আপনার ৪ সংখ্যার PIN আমরা হুবহু রাখি না। রাখি এমনভাবে বদলে নিয়ে, যা থেকে আসল PIN আর ফিরে পাওয়া যায় না। তাই আপনার PIN আমাদের কেউ জানেন না।
- কোন কোন ফোন বা computer-এ হদিস চালু আছে (যেমন “Chrome · Android”), শেষ কবে ব্যবহার হয়েছে, আর কবে কীভাবে login হয়েছে।
Profile
নাম, পেশা, স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা, থানা, গ্রাম বা মহল্লা, ডাকঘর), চাইলে আরেকটা নম্বর, আর চাইলে NID বা passport নম্বর। এর মধ্যে নাম, গ্রাম, ডাকঘর আর NID বা passport নম্বর encrypt করে রাখা হয়। পেশা আর বিভাগ, জেলা ও থানা খোলা থাকে, যাতে কোন এলাকার বা কোন পেশার কতজন হদিস ব্যবহার করছেন, শুধু সেই হিসাবটুকু রাখা যায়।
আপনার vault
ব্যাংক, বিকাশ-নগদ, জমি, বীমা, সঞ্চয়, পাওনা-দেনা বা চিঠি, যা-ই লেখেন, সবই আপনার ফোনে encrypt হয়ে তারপর আমাদের কাছে পৌঁছায়। আমরা শুধু এটুকু জানি যে কোন ধরনের তথ্য (যেমন “ব্যাংক”) কয়টা আছে।
Nominee আর শুভাকাঙ্ক্ষী
তাঁদের নাম, আপনার সাথে সম্পর্ক, ফোন নম্বর, চাইলে আরেকটা নম্বর আর email, Nominee-কে চেনার জন্য আপনার লিখে রাখা দু-একটা কথা, আর চাইলে Nominee-র NID নম্বর। সবই encrypt করে রাখা হয়। Nominee-র NID নম্বরটাও আমরা রাখি না, রাখি শুধু এমন একটা ছাপ, যা দিয়ে পরে মিলিয়ে দেখা যায়।
“আমি আছি” আর notification
কবে কবে “আমি আছি” জানিয়েছেন, কত দিন পরপর খোঁজ নেওয়া হবে, আর notification পাঠানোর জন্য আপনার browser যে ঠিকানা দেয়।
টাকা দেওয়ার হিসাব
বিকাশে দিলেন না নগদে, TrxID, কোন নম্বর থেকে পাঠালেন, কোন plan আর কতদিনের জন্য, আর মিলিয়ে দেখে কী পাওয়া গেল। বিকাশ বা নগদের PIN বা OTP আমরা কখনো চাই না। হদিসের নাম করে কেউ চাইলে দেবেন না।
আপনার কিছু হলে
অনেক দিন আপনার সাড়া না পেলে আমরা খোঁজ নিতে শুরু করি। তখন কাকে কবে ফোন করা হলো আর কী জানা গেল, মৃত্যুসনদ আর NID-এর কপি (আমাদের লোক যোগ করেন, encrypt করা থাকে), Nominee-র পরিচয় যাচাইয়ের ফল, আর Nominee তথ্য দেখতে এসে কী কী করলেন (link খোলা, login, কোন ধরনের তথ্য কতবার দেখলেন, download, print), এসবের হিসাব থাকে। তথ্যের ভেতরের লেখা এই হিসাবে ঢোকে না।
Support
আপনি ফোন করলে কীভাবে নিশ্চিত হয়েছি যে আপনিই account-এর মালিক, তার একটা ছোট note, আর আমরা কী করলাম (যেমন নতুন PIN-এর অনুমতি দেওয়া)।
নিরাপত্তা আর app-এর দেখভাল
- কেউ যেন অপব্যবহার করতে না পারে, সে জন্য আপনার network address (IP) এমনভাবে বদলে রাখা হয় যে আসলটা আর বের করা যায় না। এটাও থাকে মাত্র ২ দিন।
- কতবার ভুল PIN দেওয়া হলো, আর PIN আটকে গেল কি না।
- App-এর কোনো পাতা হঠাৎ বন্ধ হয়ে গেলে কোন পাতা, আর গোলমালটা কী ছিল তার প্রথম লাইন। তাতে কোনো নম্বর বা email থাকলে মুছে দেওয়া হয়।
- মোট কত request এল, কতবার গোলমাল হলো, কত সময় লাগল, এমন কিছু সংখ্যা। এতে কারও নাম-পরিচয় থাকে না।
৩এসব তথ্য দিয়ে আমরা কী করি
- আপনার account চালাই, আর আপনার রাখা তথ্য যত্ন করে রাখি।
- “আমি আছি” জানানোর দিন মনে করিয়ে দিই, আর সাড়া না পেলে আপনার খোঁজ নিই।
- আপনার মৃত্যু যাচাই করে নিশ্চিত হলে, আপনার রেখে যাওয়া তথ্য আপনার বেছে নেওয়া Nominee-র হাতে পৌঁছে দিই।
- ভুল PIN, অপব্যবহার আর প্রতারণা ঠেকিয়ে আপনার account আর সবাইকে নিরাপদ রাখি।
- ফোন করলে সাহায্য করি, আর টাকা দিলে তা মিলিয়ে দেখি।
- সেবা আরও ভালো করতে মোট হিসাব দেখি, যেমন কোন জেলা থেকে কতজন এলেন। কারও vault-এর লেখা এতে লাগে না।
- দেশের আইন মেনে চলি।
৪যা আমরা কখনো করি না
- আপনার তথ্য বিক্রি করি না, ভাড়াও দিই না।
- বিজ্ঞাপন দেখাই না, আর বিজ্ঞাপনের কাজে কাউকে তথ্য দিই না।
- App-এ বাইরের কোনো tracker বা analytics বসানো নেই।
- আপনার PIN জানতে চাই না; বিকাশ বা নগদের PIN বা OTP-ও না।
- আপনার মৃত্যু নিশ্চিত হওয়ার আগে কাউকে জানাই না, আপনি কী রেখেছেন বা কাকে Nominee করেছেন। অনেক দিন সাড়া না পেলে শুধু আপনার খবর জানতে আপনার শুভাকাঙ্ক্ষী আর Nominee-কে ফোন করা হয়।
- শুধু সাড়া না দিলে, অসুখে পড়লে বা খোঁজ না মিললে আপনার তথ্য কারও হাতে যায় না। যায় কেবল মৃত্যু যাচাই করে নিশ্চিত হলে।
৫আপনার তথ্য কীভাবে আগলে রাখি
- Vault-এর লেখা আপনার ফোনেই encrypt হয়। কেউ আমাদের database চুরি করলেও কিছু পড়তে পারবে না, কারণ খোলার চাবি database-এ খোলা অবস্থায় থাকে না।
- একটা কথা খোলাখুলি বলে রাখি। নতুন ফোনে শুধু নম্বর আর PIN দিয়েই যেন আপনি সব ফিরে পান, সে জন্য আপনার vault-এর চাবিটা আমরা আলাদা করে encrypt অবস্থায় নিজেদের কাছে রাখি। তাই চাইলে হদিস আপনার vault খুলতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে আমাদের কেউ সাধারণ কাজে তা খোলেন না, admin-এর কোনো পাতায় vault-এর লেখা দেখার ব্যবস্থা রাখা হয়নি, আর চাবিটা যতবার ব্যবহার হয়, প্রতিবার লেখা থাকে।
- Nominee-র চাবি দুই টুকরো করে দুটো আলাদা database-এ রাখা হয়। দুই টুকরো জোড়া লাগে কেবল Nominee-র নিজের browser-এ।
- আমাদের কেউ কোনো account-এর profile দেখলে বা support-এর কোনো কাজ করলে প্রতিবার তাঁর নামসহ লেখা থাকে। Nominee আর শুভাকাঙ্ক্ষীর তথ্য আমাদের লোক দেখতে পান কেবল অনেক দিন আপনার সাড়া না পাওয়ার পর খোঁজ শুরু হলে, তাও প্রতিবার লেখা থাকে। Profile-এ দেওয়া আপনার NID বা passport নম্বর আমাদের কাউকে কখনো দেখানো হয় না।
- তথ্য পৌঁছানোর প্রতিটা ধাপ এমন এক খাতায় লেখা থাকে, যা পরে বদলানো বা মোছা যায় না।
- বারবার ভুল PIN দিলে account ধাপে ধাপে আটকে যায়, আর প্রতিবার আপনাকে জানানো হয়। এক জায়গা থেকে অস্বাভাবিক বেশি চেষ্টা এলে তা থামিয়ে দেওয়া হয়।
- আমাদের admin app একেবারে আলাদা। নিজস্ব username আর password ছাড়া সেখানে ঢোকা যায় না।
৭তথ্য কোথায় রাখা হয়
আমাদের server আর database এখন Singapore-এ, Vercel আর Neon-এর data center-এ। রাতের encrypt করা backup থাকে GitHub-এ। মানে, আপনার তথ্য বাংলাদেশের বাইরের server-এ রাখা হয়। ভবিষ্যতে সেবাদাতা বদলালেও আপনার তথ্য ঠিক এই নীতি মেনেই সুরক্ষিত থাকবে।
৮কতদিন রাখি
- Account আর vault-এর তথ্য থাকে যতদিন account আছে।
- App থেকে কোনো তথ্য মুছে দিলে সঙ্গে সঙ্গে তার লেখা আর চাবি মুছে যায়। থাকে শুধু এটুকু যে এমন একটা তথ্য ছিল, আর কবে মোছা হলো। কোনো Nominee সরিয়ে দিলে তাঁর চাবি, নাম, নম্বর আর NID-এর ছাপও মুছে যায়।
- রাতের backup থাকে ৩০ দিন, তারপর নিজে থেকেই মুছে যায়। তাই মুছে ফেলা কোনো তথ্য বড়জোর ৩০ দিন পুরনো backup-এ থেকে যেতে পারে।
- Network address-এর বদলানো রূপ থাকে ২ দিন, আর server-এর গোলমালের হিসাব ৯০ দিন।
- টাকা দেওয়ার হিসাব থাকে, হিসাব রাখার আইন যতদিন বলে।
- তথ্য পৌঁছানোর খাতা থাকে চিরকাল, কারণ কে কখন কী করেছেন তার প্রমাণ বদলানো বা মোছা যায় না।
৯আপনার অধিকার
- দেখা আর বদলানো। App-এ নিজের profile, তথ্য, Nominee, শুভাকাঙ্ক্ষী, ফোনগুলোর তালিকা আর login-এর হিসাব যখন খুশি দেখতে আর বদলাতে পারেন।
- মুছে ফেলা। তথ্য, Nominee আর শুভাকাঙ্ক্ষী app থেকেই মুছতে পারেন। পুরো account মুছে দিতে চাইলে আমাদের জানান। আপনিই মালিক, এটা নিশ্চিত হয়ে ৩০ দিনের মধ্যে মুছে দেব। শুধু আইনের কারণে, বা খোঁজ চলাকালীন যা রাখতে হয়, তা রেখে দিতে হবে।
- Notification। যখন খুশি বন্ধ করতে পারেন। তবে বন্ধ থাকলে “আমি আছি”-র দিন আমরা আর মনে করাতে পারব না।
- না দিলেও চলে। আরেকটা নম্বর, বা NID বা passport নম্বর না দিলেও হদিস দিব্যি চলে।
- প্রশ্ন বা অভিযোগ। হদিসের support-কে জানান। আপনি যে দেশে থাকেন সেখানকার আইনে যদি আরও কোনো অধিকার থাকে (যেমন ইউরোপ বা যুক্তরাজ্যে), জানালে সেভাবেই ব্যবস্থা নেব।
১০অন্যের তথ্য দেওয়ার আগে
কারও নাম আর নম্বর Nominee বা শুভাকাঙ্ক্ষী হিসেবে দেওয়ার আগে তাঁর অনুমতি নিয়ে নেবেন; app-এ যোগ করার সময় আপনি সেটা নিশ্চিত করেন। নিজের আর তাঁদের তথ্য ঠিকঠাক আর হালনাগাদ রাখাও আপনার দায়িত্ব। পুরনো বা ভুল নম্বর বা তথ্যের কারণে খোঁজ নিতে বা তথ্য পৌঁছাতে দেরি হলে, কিংবা না পৌঁছালে, সে দায় হদিসের নয়।
১১বয়স
হদিস ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। এর কম বয়সী কেউ account খুলেছেন জানতে পারলে আমরা সেটা বন্ধ করে দিতে পারি।
১২আমাদের দায়ের সীমা
- আপনার তথ্য নিরাপদ রাখতে যা যা করা উচিত, আমরা করি। তবু internet-এ কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, এটা মেনে নিতেই হয়।
- আপনার PIN আর ফোন সামলে রাখার দায়িত্ব আপনার। কেউ আপনার PIN জেনে ফেললে, বা খোলা অবস্থায় আপনার ফোন হাতে পেলে, তার দায় হদিস নেবে না। সন্দেহ হলেই PIN বদলে ফেলুন আর আমাদের জানান।
- বিকাশ, নগদ, আপনার ফোন বা browser, এদের নিয়মকানুন আর নিরাপত্তা এদের নিজেদের। তার দায় হদিসের নয়।
- হদিস আইনি উইল নয়, কোনো আইনি পরামর্শও দেয় না।
১৩নীতিতে বদল এলে
দরকার হলে এই নীতি আমরা বদলাতে পারি, তখন উপরের তারিখটাও বদলে যাবে। বড় কোনো বদল হলে আগেই app বা website-এ জানিয়ে দেব। বদলের পরও হদিস ব্যবহার করলে ধরে নেওয়া হবে, নতুন নীতিতে আপনি রাজি।
১৪আইন
এই নীতি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী চলবে।
ধন্যবাদ
হদিসের ওপর ভরসা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পরিবারের জন্য রেখে যাওয়া প্রতিটা তথ্য আমরা যত্ন করে আগলে রাখব।
হদিস টিম